আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড থেকে ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ টমাস ডুলি
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড কাটছাঁট করেছেন প্রধান কোচ টমাস ডুলি। চলমান অনুশীলন ক্যাম্প থেকে ইতোমধ্যে ছয়জন ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া খেলোয়াড়রা হলেন—ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন, রাহুল এবং দুই প্রবাসী ফুটবলার ইয়াসিন তাহমিদ ও দেবজিৎ সরকার। দুই প্রবাসী অনুশীলনে সুযোগ পেলেও কোচের নজর কাড়তে ব্যর্থ হন। তবে আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ এখনো ইতিবাচক পারফরম্যান্স দেখিয়ে দলে টিকে আছেন।
সান মারিনো সফরের দলে থাকা ইসা ফয়সাল, কাজেম ও তাজের বাদ পড়া ফুটবলপাড়ায় বেশ আলোচনা তৈরি করেছে। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, দল সংক্ষিপ্ত করার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় আসিয়ান কাপ শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে এর আগে আগামী ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
What's Your Reaction?