তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

Oct 27, 2026 - 12:41
 0  5
তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে সকাল ও রাতের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডার তীব্রতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

সকালে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি দেখা গেলেও সূর্যের আলোয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে চারপাশ। জীবিকার তাগিদে দিনের শুরুতেই কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, কৃষক এবং ভ্যানচালকেরা। তবে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডার অনুভূতি বাড়তে থাকায় রাত ও ভোরে শীতের প্রভাব বেশি অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়ে। ভোর পর্যন্ত শীতের কারণে গরম কাপড় ও কাঁথা ব্যবহার করতে হচ্ছে। হিমালয় পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের প্রভাব আগেই অনুভূত হয়। অক্টোবরের শেষ দিক থেকেই এ অঞ্চলে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতেও শুরু হয়েছে শীতের প্রস্তুতি। বিভিন্ন স্থানে ভাপা, চিতই ও পাকান পিঠা তৈরি ও বিক্রির আয়োজন দেখা যাচ্ছে। শীতের মৌসুমি খাবার ঘিরে স্থানীয়দের মধ্যেও বাড়ছে আগ্রহ।

এদিকে, দিনে তুলনামূলক উষ্ণ আবহাওয়া এবং রাতে ঠান্ডার কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের মতে, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব উপসর্গ নিয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থান, হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow