টানা দুই জয়ে পদকের আশা বাড়ল বাংলাদেশের

Sep 22, 2026 - 15:55
 0  7
টানা দুই জয়ে পদকের আশা বাড়ল বাংলাদেশের

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। গেমসের শুরুর দিকে আটটি ভিন্ন ইভেন্টে অংশ নিয়েও লাল-সবুজের প্রতিনিধিরা কোনো জয়ের দেখা না পাওয়ায় যে হতাশার সৃষ্টি হয়েছিল, তা মুহূর্তেই দূর হয়ে গেছে কাবাডি দলের অসাধারণ নৈপুণ্যে। আজ জাপানের তোকাই সিটিজেন জিমনেসিয়ামে গ্রুপ ‘এ’–এর দুটি শ্বাসরুদ্ধকর ম্যাচে যথাক্রমে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে টানা জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। 

 

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই ম্যাচটিতে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে দুই দল সমানে সমান লড়লেও ১৭-১৬ পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে কোরিয়ার ওপর প্রবল চাপ তৈরি করে দলটি। এই অর্ধে ২২-১৯ ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টের দারুণ এক জয় নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বড় ভূমিকা রাখে প্রতিপক্ষকে ‘অলআউট’ করার সাফল্য। বাংলাদেশ কোরিয়াকে দুবার অলআউট করে ৪ পয়েন্ট আদায় করে, বিপরীতে কোরিয়া একবার বাংলাদেশকে অলআউট করে ২ পয়েন্ট পায়। এছাড়া উভয় দলই একটি করে ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে অর্জন করে। পুরো ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা দুটি গ্রিন কার্ড দেখলেও কোনো হলুদ বা লাল কার্ড পাননি।

 

দক্ষিণ কোরিয়াকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই গতকাল বিকেল সাড়ে তিনটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচটি ছিল আরও বেশি রোমাঞ্চকর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ৪৮-৪৭ স্কোরে জয়লাভ করে। প্রথমার্ধে ২৪-২০ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে তাইপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২৭ পয়েন্ট আদায় করে নেয়, যেখানে বাংলাদেশ পায় ২৪ পয়েন্ট। কিন্তু প্রথমার্ধের লিডের সুবাদে শেষ হাসি হাসে লাল-সবুজের জার্সিধারীরাই।

 

এই জয়ের পেছনে বাংলাদেশের ৪টি অল-আউট পয়েন্ট এবং ২টি সুপার ট্যাকল পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে চাইনিজ তাইপে অল-আউট থেকে ২ পয়েন্ট পেলেও কোনো সুপার ট্যাকল পয়েন্ট পায়নি। বোনাস পয়েন্টের ক্ষেত্রে বাংলাদেশ ১১টি এবং তাইপে ১২টি পয়েন্ট পায়। এই ম্যাচেও উভয় দল দুটি করে গ্রিন কার্ড দেখেছে। কোনো হলুদ কার্ড বা লাল দেখেনি কেউ।

 

পর পর দুটি ম্যাচে টানটান উত্তেজনার এই জয়ের ফলে এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডি দল যেমন নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে, তেমনি টুর্নামেন্টের সামনের ম্যাচগুলোর জন্য দারুণ আত্মবিশ্বাসও অর্জন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow