ডলারের চাহিদা বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে নতুন চাপ
আমদানি বিল পরিশোধের চাপ বাড়ায় দেশের ব্যাংক ও খোলা বাজারে ডলারের দাম দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম দাঁড়ায় ১২৩ টাকা ৮২ পয়সা এবং স্পট মার্কেটে বিক্রি হয় ১২৩ টাকা ৮৮ পয়সায়। বাস্তবে এলসির দায় মেটাতে ব্যাংকগুলোকে ক্ষেত্রবিশেষে ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত গুনতে হচ্ছে। আর খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৭০ পয়সা থেকে ১২৬ টাকা ৮০ টাকায়।
মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় জ্বালানি ও সার আমদানিতে বাড়তি ডলার খরচ হচ্ছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে আমদানি ৬.২৬ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও রপ্তানি ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া দুই ঈদ পার হওয়ার পর জুন ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে যথাক্রমে ২৮২ কোটি ও ২৮৬ কোটি ডলারে নেমেছে। ডলারের এই সরবরাহ ঘাটতি ও বাড়তি চাহিদাই বাজারে চাপ সৃষ্টি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশনা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনো মাধ্যম থেকেই যেন ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দামে ডলার কেনা না হয়।
What's Your Reaction?