নবীগঞ্জে আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও একই গ্রামের ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।
নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে আসামিরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। অপরাধ ঢাকতে তারা নিহতের হাত-পা বেঁধে নবীগঞ্জের একটি রাস্তার পাশে ধানের জমিতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরদিন নিহতের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় খলিল ও গোলাম হোসেনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানির পর অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসির এই রায় দেন।
What's Your Reaction?