দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব সফলভাবে মোকাবিলা এবং নগর ও গ্রামপর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন। জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংস, নিয়মিত স্প্রে এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার উদ্দেশ্যে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশজুড়ে একযোগে পরিচালিত হবে। কেবল রাজধানী ঢাকা-কেন্দ্রিক না রেখে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে সরাসরি যুক্ত হয়ে নিজ নিজ এলাকার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটান।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
What's Your Reaction?