রূপপুরে ত্রুটি শনাক্তে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

Oct 13, 2026 - 13:23
 0  5
রূপপুরে ত্রুটি শনাক্তে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে কোনো ধরনের ত্রুটি শনাক্তকরণ এবং চুল্লির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে অত্যাধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (Automated Control System) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়া ও বাংলাদেশের যৌথ অর্থায়ন ও কারিগরি সাহায্যে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে নতুন ব্যবস্থার মাধ্যমে চুল্লির স্থায়িত্ব ও স্থিতিশীলতাসহ সাত হাজারের বেশি জটিল নির্দেশক সার্বক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণে রাখা সম্ভব হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান ‘অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস’ সরবরাহকৃত এই অত্যাধুনিক প্রযুক্তি কাঠামোতে ৪৩টি উপব্যবস্থার অধীনে যুক্ত রয়েছে প্রায় ২০ হাজার সূক্ষ্ম যন্ত্রাংশ। এ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো 'ডিজিটাল টুইন' প্রযুক্তিতে তৈরি ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ নামের একটি উচ্চক্ষমতাসম্পন্ন সফটওয়্যার। এই সফটওয়্যারটি ৩৬০টি পৃথক প্রসেস সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি চিহ্নিত করবে এবং প্রায় ৮০টির বেশি নির্দেশিকা ব্যবহার করে জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণকক্ষের অপারেটরদের তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ প্রদান করবে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডের বাইরে কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাদের পক্ষ থেকে এমন তথ্য-সহায়ক ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ঘটনা এটিই প্রথম। উল্লেখ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লি থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। নতুন এই স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে দুর্ঘটনাকালীন প্রতিক্রিয়ার সময় বহুলাংশে কমে আসবে এবং পরিচালন ব্যয় হ্রাসের পাশাপাশি সার্বিক নিরাপত্তা সুসংহত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow