ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন জাহাজ, আহত কয়েকজন
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের চুক্তিভিত্তিক একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জাহাজে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে জাহাজটিতে হামলা চালানো হয়। এতে চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হামলায় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে।
হামলায় জাহাজের ক্রুদের কয়েকজন সামান্য শারীরিক আঘাত পান। তাঁদের মধ্যে ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে অসুস্থ হওয়া ব্যক্তিও রয়েছেন। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মীও অবস্থান করছিলেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ এলাকা হয়ে উঠেছে এই জলপথ। বিশ্বব্যাপী তেল পরিবহনের এক-পঞ্চমাংশেরও বেশি এই প্রণালি দিয়ে চলাচল করে। সংঘাতের মধ্যে বারবার মাইন স্থাপন ও পাল্টা হামলার ঘটনায় প্রণালিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কার্যক্রমের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে আনাদোলু এজেন্সির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও বিষয়টি সেন্টকমের কাছে পাঠিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
What's Your Reaction?