এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর আজ রোববার নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।
বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরে শূন্য হাতে ‘বি’ গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। ফলে আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দলের মূল পর্বে ওঠার লড়াই থেকে বাংলাদেশের বিদায় এখন আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত বলা চলে।
অন্যদিকে, প্রথম ম্যাচে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করা ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে। গত ২০ বছর ধরে মূল পর্বে উঠতে না পারা ভারতের জন্য মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ড্র করলেও তাদের দ্বিতীয় স্থানে থাকার সুযোগ রয়েছে, যদি অন্য ম্যাচে সিরিয়া উজবেকিস্তানকে না হারায়। চলতি বছরের শুরুতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ; ফলে এশিয়ান কাপের বাছাইয়ে সমীকরণের বাইরেও দুই দলের মধ্যে বাড়তি উত্তাপ বজায় থাকছে।
What's Your Reaction?