ইউরোমানির জরিপে টানা ১৭তম বার সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বনামধন্য অর্থনৈতিক সাময়িকী ‘ইউরোমানি’র ক্যাশ ম্যানেজমেন্ট জরিপে টানা ১৭তম বারের মতো বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ। বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রেজারি জরিপ হিসেবে পরিচিত এই প্রক্রিয়ায় সাড়ে সাত হাজারের বেশি করপোরেট গ্রাহকের সরাসরি মতামতের ভিত্তিতে এইচএসবিসি বাংলাদেশকে এই সম্মাননায় ভূষিত করা হয়। একই সঙ্গে ব্যাংকটি বিশ্বব্যাপী এবং এশিয়া অঞ্চলেও সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদান, আন্তর্জাতিক বৈশ্বিক নেটওয়ার্ক এবং করপোরেট গ্রাহকদের দীর্ঘদিনের আস্থার ফলেই এইচএসবিসি এই সাফল্য ধরে রাখতে পেরেছে। দক্ষ ক্যাশ ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে ব্যাংকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও নির্বিঘ্নে অর্থ সংগ্রহ এবং পরিশোধ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছে। সেই সঙ্গে বিশ্ববাজারে কার্যকরী তারল্য ব্যবস্থাপনা এবং নগদ অর্থপ্রবাহের সঠিক পূর্বাভাস দিতে তাদের ডিজিটালাইজড সেবা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, “টানা ১৭ বছর ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষস্থান ধরে রাখা আমাদের দলীয় নিষ্ঠা ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন আস্থার বহিঃপ্রকাশ। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেবার মান, উদ্ভাবনী প্রযুক্তি ও গ্রাহকসেবাকে প্রতিদিন আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে।”
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সার্ভিসেসের প্রধান নেওয়াজ মুশাররাফও এই গৌরবময় অর্জনকে গ্রাহকদের প্রতি বিশ্বস্ত সেবার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।
What's Your Reaction?