গ্রাম ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক বাড়াতে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম নিচ্ছে টেলিটক
গ্রাম ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং শহরের ভবনের ভেতরে সংযোগের মান উন্নত করার লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দপ্তরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ তুলনামূলক কম কম্পাঙ্কের হওয়ায় এটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে ভবনের দেয়াল ভেদ করে ভেতরে সংকেত পৌঁছানোর সক্ষমতাও এ ব্যান্ডের তুলনামূলক ভালো। ফলে এই স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরাঞ্চলের ভবনের ভেতরে সংযোগের মান উন্নত করার সুযোগ তৈরি হবে।
টেলিটকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া সহজ হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় ভৌগোলিক অবস্থান বা অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নেটওয়ার্ক দুর্বল, সেখানে সংযোগের মান উন্নয়নে এই ব্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এর ব্যবহার শুরু হবে, সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
What's Your Reaction?