নতুন গল্পে সুনেরাহ বিনতে কামাল, আরশ খানের সঙ্গে ‘অজানা অধ্যায়’
অনবদ্য অভিনয় দিয়ে বহু আগেই দর্শকের মনোযোগ কেড়েছেন সুনেরাহ বিনতে কামাল। ভিন্নধর্মী গল্প ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাটকপ্রেমীদের হৃদয়েও গড়ে নিয়েছেন স্থায়ী আসন। ফলে তাঁকে ঘিরে দর্শকের প্রত্যাশাও বেড়েছে। আর সেই প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুনভাবে পর্দায় উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার নতুন একক নাটক ‘অজানা অধ্যায়’-এ ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন তিনি।
‘অজানা অধ্যায়’ নাটকে সুনেরাহ অভিনয় করেছেন ইতি নামের এক সংগ্রামী তরুণীর চরিত্রে। অসুস্থ বাবা ও অসহায় বড় বোনের দায়িত্ব একাই সামলাতে হয় তাকে। প্রতিদিন চাকরির কথা বলে বাড়ি থেকে বের হলেও বাস্তবে কোনো চাকরি করে না ইতি। পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে অর্থ উপার্জনের জন্য বেছে নেয় অন্ধকার জগতের পথ। টাকার বিনিময়ে সমাজের বিত্তবানদের সঙ্গে সময় কাটায় সে। একসময় ইতির প্রেমিক তার জীবনের এই গোপন সত্য জানতে পারে। ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হয়ে দিশেহারা হয়ে পড়ে সে। ইতিকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে আনা যায়, তা বুঝে উঠতে পারে না। এভাবেই গল্পে একের পর এক নতুন ঘটনা ও নাটকীয় মোড় তৈরি হয়।
ব্যতিক্রমী এই গল্পে নির্মিত ‘অজানা অধ্যায়’ নাটকটির পরিচালনা করেছেন জহিরুল ইসলাম নীরব। নাটকের গল্প ও চিত্রনাট্যও তাঁরই লেখা। এতে সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা গেছে দিলরুবা হোসেন দোয়েল, সাহেদ আলী, মঞ্জু রহমান, রিপন, শফিক ও ইমনসহ আরও অনেককে। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নাটকটি।
নাটকটি নিয়ে সুনেরাহ বিনতে কামাল জানান, অভিনয়জীবনে নানা ধরনের গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তবে ‘অজানা অধ্যায়’-এর গল্প ও ইতির চরিত্রটি তাঁর আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। চরিত্রটিকে স্বাভাবিক ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছেন তিনি। গল্প, চরিত্র, নির্মাণ এবং সহশিল্পীদের অভিনয়ের সমন্বয়ে নাটকটি দর্শকের মনে বিশেষ ছাপ ফেলবে বলেও আশাবাদী এই অভিনেত্রী।
আরশ খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় প্রসঙ্গে সুনেরাহ বলেন, দর্শকের প্রত্যাশা পূরণে নির্মাতারা প্রায়ই নতুন নতুন জুটি নিয়ে কাজ করেন। তবে আরশের সঙ্গে তাঁদের জুটিকে শুরু থেকেই দর্শক পছন্দ করে আসছেন। এ কারণেই নির্মাতারা তাঁদের নিয়ে আরও নতুন গল্পে কাজ করতে আগ্রহী হচ্ছেন।
এর আগে ‘মায়ারে’ নামে একটি একক নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছেন সুনেরাহ ও আরশ। এ ছাড়া ‘কপাল’, ‘ভুল নাকি প্রেম’, ‘না বলা কথা’, ‘তুমি দূরত্ব চেয়ো না’, ‘সিগনেচার’, ‘পরমা সুন্দরী’, ‘বাটারফ্লাই ইফেক্ট’, ‘পাষাণ হৃদয়’, ‘কখনও কি তোমার হবো’, ‘আমি তুমি, তুমি আমি’, ‘হৃদয়ে ফাগুন’, ‘পূর্ণতা’, ‘ফিরে আসা ভালোবাসা’ ও ‘শ্যাওলা ফুল’-এর মতো বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এসব কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র নিয়ে এবার দর্শকের সামনে হাজির হয়েছেন ‘অজানা অধ্যায়’-এ।
What's Your Reaction?