সাফের উদ্বোধনী ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

Oct 26, 2026 - 12:10
 0  8
সাফের উদ্বোধনী ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের আগেই ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্লাব-সংক্রান্ত জটিলতার কারণে আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।

আজ জাতীয় দলের অনুশীলনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ টমাস ডুলি। তবে দুই ফুটবলারকে পরের ম্যাচগুলোতে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। কোচের আশা, আগামী ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান। সবকিছু ঠিক থাকলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মাঠে দেখা যেতে পারে।

ক্লাব থেকে খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়ার নির্দিষ্ট নিয়ম ও সময়সীমার কারণে শুরু থেকেই এই দুই ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের মাত্র ২১ জন রোববার (২৫ অক্টোবর) ক্যাম্পে যোগ দিয়েছেন। ফলে পূর্ণ দল নিয়ে অনুশীলন করানোর সুযোগ পাচ্ছেন না কোচ টমাস ডুলি।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই টুর্নামেন্টে শুরু থেকেই গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে না পাওয়ায় দল সাজানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow